লেখক পল্লব কুমার মান্না , জীবন প্রবাহ ও জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার

আপনি কি টিম লিডার আপনি কি নতুন এজেন্ট নিয়োগ করছেন? কিংবা আপনি  নিজেই নতুন এজেন্ট  ?

নতুন এজেন্টের কি কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলিকে কি কি ভাগে বিভক্ত করা যায় সেটা জেনে রাখা খুবই প্রয়োজন

সাধারণভাবে নতুন এজেন্টদের প্রাথমিক সমস্যা হয় তিনটি—ইনস্টেবিলিটি বা স্থিরতার অভাব , দ্বিতীয় সমস্যা হলো ভয় বা আশঙ্কা , তৃতীয় সমস্যা , সেলস এবং মার্কেটিং এর পদ্ধতিগত ভুল !

প্রথম সমস্যা অর্থাৎ instability বা অস্থিরতা কি এবং কিভাবে কাটাবেন ?

 এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে মূলত: পেশাগত অস্থিরতা এবং ব্যক্তিগত সময় বন্টনের অস্থিরতা ইত্যাদি থাকে। অস্থিরতা বা অনিশ্চয়তা যে দিক থেকেই আসুক না কেন তিন ধাপে সেটিকে সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় –“ থিঙ্ক ,ডিসাইড এন্ড কমিট ”। অস্থিরতার কারণগুলি নিয়ে টিম লীডার হিসাবে তাকে ভাবতে বলুন এবং তাকে ভাবতে সহায়তা করুন ।  তার নানান ধরনের সমাধান সূত্র যেগুলি আপনার জানা আছে সেগুলি তার সামনে অপশন আকারে তুলে ধরুন এবং তাকে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করুন । শেষে কনফার্ম ডিসিশন বা নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হয়ে সেই সিদ্ধান্তকে বজায় রাখার জন্য তাকে মোটিভেটেড করুন, এবং কমিটমেন্ট করার জন্য উত্সাহিত করুন ।

দ্বিতীয় সমস্যা —  ভয়

যে কোনো ভয়ে সম্পর্কে দুটি জিনিস জানতেই হয়, ভয়টি কি এবং ভয়টি কেন?

তাকে আপনি প্রশ্ন এবং অভয়দানের দ্বারা সহজেই জানতে পারবেন তার ভয় কি এবং কেন এবং প্রয়োজনে তাকেই প্রশ্ন করুন যে এর উত্তর তার জানা আছে কিনা । সে আপনাকে কিছু উত্তর অবশ্যই দেবে , তার  সাথে আপনার কিছু উত্তর এবং কিছু উদাহরণ, কিছু গল্প — তাকে এই ভয় কাটাতে সাহায্য করবে । এবং সর্বশেষে সেই ভয়টিকে অনেকটাই দমন বা নির্মূল করার জন্য আপনি বিষয়টিকে সারাংশ করে দিন এবং পাশাপাশি পরবর্তী সময় এটিকে নজরদারির মধ্যে রাখুন।

তৃতীয় সমস্যা – ভুল পথে পরিচালিত হওয়া

বিশেষত সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে । সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে “মাইন্ডসেট”, “নলেজ সেট” এবং “স্কিল সেট” তিনটেই দরকার। অনেক সময় পেশাগত অনিশ্চয়তা বা পারিপার্শ্বিক ব্যক্তিদের থেকে নেগেটিভ ধারণা গ্রহণ করার ফলে পেশাগত ফোকাস এবং মাইন্ড সেট তৈরি হয় না। এই অবস্থায় নিয়মিত যোগাযোগ রাখা এবং পেশা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা গঠনে সহায়তা এবং  পরবর্তী ভবিষ্যতের পর্যায়ক্রমিক উন্নয়নের সঠিক পথ নির্দেশনা দ্বারা আপনি তার মাইন্ড-সেটকে ঠিক রাখতে পারবেন । পাশাপাশি ছোট ছোট কম্পিটিশন এবং মিটিং এর দ্বারা আপনি এটা ঠিক করতে পারবেন।

নলেজ বা জ্ঞান হল বীমা জগতের উন্নয়নের খুব গুরুত্বপূর্ণ একটি চাবিকাঠি । নতুন এজেন্টের জ্ঞান (বীমা বিষয়ে, ক্রেতা বিষয়ে এবং অন্যান্য প্রতিযোগী কোম্পানি এবং স্কিম  বিষয়ে ) অনেক কম থাকে।  তাই স্বভাবতই তারা সমস্যার সম্মুখীন হয় এবং কনফিডেন্স কমে যায়। যদি আপনার নিজের পক্ষে তাদেরকে নিয়মিতভাবে নলেজ প্রদানের ব্যবস্থা করার  সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সেটাকে বাস্তবে রূপায়ণ করুন।  প্রয়োজন নিয়মিত জ্ঞান চর্চার ।যদি আপনার সময় এবং পরিস্থিতি তার বিপরীত হয় , তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল প্রশিক্ষক , প্রফেশনাল পত্র-পত্রিকা এবং প্রফেশনাল পুস্তকের সহায়তা নিন এবং প্রত্যেককে বাধ্যতামূলকভাবে জ্ঞান আহরণের জন্য প্রশিক্ষণ, পত্র-পত্রিকা এবং পুস্তক পাঠ এবং সংগ্রহের ব্যাপারে নিয়মিত তদারকি করুন এবং অবশ্যই একটা প্রশিক্ষণ মডেল তৈরি করে বিভিন্ন সময়ের জন্য তাদেরকে পর্যায়ক্রমিক উন্নয়নের চ্যানেলে বা পাইপলাইনে রাখুন।

“স্কিল” বা দক্ষতা ক্ষেত্রে সেলস স্কিল, মার্কেটিং স্কিল, সার্ভিস স্কিল এবং টাইম ম্যানেজমেন্ট স্কিল এর সাথে অতি প্রয়োজন কমিউনিকেশন স্কিলকে পৃথকভাবে অভ্যস্ত করানো প্রয়োজন । 

প্রতিটি স্কিলের একটি “থিওরিটিক্যাল” দিক থাকে এবং একটি “প্রাকটিক্যাল” দিক।

স্কিল ডেভেলপ-মেন্টের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত ত্রুটিগুলি সনাক্ত করে সেই বিষয়ে তাদেরকে জ্ঞান এবং কার্যকরী প্রয়োগ পদ্ধতি হাতে-কলমে শেখানোর ব্যবস্থা করুন । নিয়মিত ট্রেনিং এর দ্বারা এবং রিহার্সাল, রোল-প্লে ইত্যাদির দ্বারা।

Leave a comment